গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় মাত্র চার মিনিটের ব্যবধানে পর পর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) ভোররাতে ঘটা এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপালচরণ এলাকায় ভোর ৪টা ২৬ মিনিটে প্রথম বিস্ফোরণটি ঘটে। সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজার বাসভবনের সামনে ককটেলটি বিস্ফোরিত হয়। এর ঠিক দুই মিনিট পর, ৪টা ২৮ মিনিটে गोपालচরণ উচ্চ বিদ্যালয়ের সামনে দ্বিতীয় ককটেলটি বিস্ফোরিত হয়। আরও দুই মিনিট পর, ৪টা ৩০ মিনিটে স্কুলের দক্ষিণ পাশের রাস্তায় তৃতীয় বিস্ফোরণটি ঘটে।
বিস্ফোরণের বিকট শব্দে গোপালচরণ এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে ঘুম থেকে জেগে উঠেন এবং ঘর থেকে বেরিয়ে আসেন। ভোরবেলায় এমন ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজা বলেন, “ফজরের আজানের আগেই প্রথমে আমার বাড়ির সামনে বিকট শব্দ শুনে আমরা আঁতকে উঠি। এর কিছুক্ষণ পরই স্কুলের সামনে এবং পরে স্কুলের দক্ষিণ পাশের রাস্তায় আরও দুটি বিস্ফোরণের শব্দ শুনি। পরপর তিনটি বিকট শব্দে পুরো পরিবার আতঙ্কিত হয়ে পড়ি।”
তিনি আরও বলেন, “এই শান্ত এলাকায় আগে কখনো এমন ঘটনা ঘটেনি। বিকট শব্দ শুনে ঘর থেকে বের হয়ে আমি আশপাশের লোকজনকেও আতঙ্কে বাইরে বেরিয়ে আসতে দেখি।” পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে বোমাসদৃশ ককটেলের খোসা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। পুরো বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।