কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৩৪ লাখ টাকা মূল্যের ৬০০ পিস ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার প্রাগপুর বাজারসংলগ্ন পাকা সড়ক থেকে মালিকবিহীন অবস্থায় এসব ডিসপ্লে উদ্ধার করা হয়। দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রাগপুর বাজারসংলগ্ন পাকা সড়কে বিজিবির টহল দলের সদস্যরা মালিকবিহীন অবস্থায় ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লেগুলো উদ্ধার করেন।

উদ্ধার করা ডিসপ্লের মধ্যে ২০০ পিস ক্রাউন আলট্রা এলসিডি ডিসপ্লে ৫০০+ এবং ৪০০ পিস ক্রাউন স্মার্ট এলসিডি ডিসপ্লে ৫০০+ রয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য ৩৪ লাখ টাকা বলে জানায় বিজিবি।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সুত্রঃ কালবেলা