স্বাস্থ্য অধিদপ্তরের প্রকল্পে নতুন দায়িত্ব পেলেন চার কর্মকর্তা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রকল্পে চার কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের ঋণ এবং জিএফএফ, গ্যাভি ও সিএনএফের অনুদানে পরিচালিত ‘হেলথ অ্যান্ড নিউট্রিশন সার্ভিসেস ইমপ্রুভমেন্ট অ্যান্ড সিস্টেম স্ট্রেংথেনিং প্রজেক্ট’-এ তাদের পূর্ণকালীনভাবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য-৫ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। যুগ্মসচিব শিরিন আখতারের সই করা প্রজ্ঞাপনে জনস্বার্থে এই পদায়নের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহকারী পরিচালক ডা. মেহেদী হাসানকে উপ-প্রকল্প পরিচালক এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানাকে সহকারী প্রকল্প পরিচালক করা হয়েছে।

অন্যদিকে, নিটোরের আইসিইউ বিভাগের ডা. মোহাম্মদ জাহিদ ইকবাল ও আইইডিসিআরের মেডিকেল অফিসার ডা. মো. আহসান হাবিবকে মনিটরিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।