দেশে ডেঙ্গু পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৩০০ জন। শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৫ জনে। এর মধ্যে সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অক্টোবরের প্রথম ছয় দিনে ৪২ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন।

বুলেটিনে আরও বলা হয়, নতুন রোগীদের নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ৪৫১ জনে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ১৭২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৯ হাজার ৩৮০ জন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩৪৩ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে ৩১৮ জন, খুলনায় ২৭২ জন, বরিশালে ১৪১ জন, রংপুরে ৮০ জন, ময়মনসিংহে ৬৮ জন এবং সিলেটে চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন।