ভোর থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকা। রোববার (২০ সেপ্টেম্বর) ভোরের টানা বর্ষণে মুগদা, খিলগাঁও, গোড়ান, মানিকনগর, সবুজবাগ, তালতলা, মতিঝিল, মালিবাগ, আরামবাগ, গুলিস্তান ও পল্টনসহ রাজধানীর বিস্তীর্ণ এলাকার সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে গিয়ে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
ভোররাতের বৃষ্টি ও জলজট
ভোর সোয়া ৪টার দিকে রামপুরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় প্রবল দমকা বাতাস ও বজ্রপাতের সঙ্গে বৃষ্টি শুরু হয়। কিছু সময় পর বাতাসের তীব্রতা কমলেও বজ্রসহ বৃষ্টি থামেনি। এই টানা বৃষ্টিতে রাজধানীর নিচু এলাকাগুলোর সড়ক ও ফুটপাত তলিয়ে যায়।
খিলগাঁওয়ের সিপাহীবাগ, মুগদা ও গোড়ানের বিভিন্ন সড়কে জমেছে হাঁটুসমান পানি। কোথাও কোথাও সেই পানি কোমর পর্যন্ত পৌঁছে গেছে। ব্যবসাকেন্দ্র হিসেবে পরিচিত মানিকনগরের বেশ কিছু দোকানে পানি ঢুকে পড়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
একইভাবে আরামবাগ মোড় থেকে ফকিরাপুল ও কাকরাইল সড়কের বিভিন্ন অংশে পানি জমায় যান চলাচল স্থবির হয়ে পড়ে। মালিবাগে প্রধান সড়ক ও ফুটপাত ছাপিয়ে আশপাশের দোকানপাটে পানি ঢুকে গেছে।
যাত্রী ভোগান্তি ও চালকদের ক্ষোভ
জলাবদ্ধতার কারণে সকাল থেকেই রিকশা ও গণপরিবহন চলাচল ভীষণভাবে ব্যাহত হচ্ছে। কর্মস্থলে পৌঁছাতে অনেক যাত্রীকে দীর্ঘ সময় সড়কে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অনেকে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া গুণেই গন্তব্যে রওনা হন।
নিউমার্কেট এলাকার রিকশাচালক হোসেন মিয়া নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, "বৃষ্টির কারণে রাস্তায় পানি উঠে গেছে। ভালো করে রিকশা চালানো যাচ্ছে না। যার কারণে সকালেই সড়কে জ্যামের সৃষ্টি হয়েছে।"
নগরবাসীর অভিযোগ
বারবার একই ভোগান্তির মুখোমুখি হওয়া স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, নালা-নর্দমায় ময়লা জমে থাকা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবেই প্রতিবছর একটু বৃষ্টি হলেই পুরো রাজধানীজুড়ে এমন নরকযন্ত্রণার সৃষ্টি হয়।
সি নেটওয়ার্কস অনলাইন