চাঁদপুরের শাহরাস্তিতে পরকীয়া প্রেমের টানে প্রবাসীদের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে শাহরাস্তি পৌরসভা এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে। অভিযুক্ত রহমত উল্লাহ সম্পর্কে ওই নারীর ভাসুর (চাচাতো ভাই)।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনায় ভুক্তভোগী পরিবার শাহরাস্তি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার বিবরণে জানা গেছে, বাহরাইন প্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল রহমত উল্লাহর। বিষয়টি জানাজানি হলে পরিবারের পক্ষ থেকে কড়া নজরদারিতে রাখা হয়। তবে শনিবার রাতে প্রবাসীর স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে উধাও হয়ে যান রহমত উল্লাহ। ঘটনার পর থেকেই উভয়ের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। রোববার সকালে প্রবাসীর দুই সন্তান ও রহমত উল্লাহর স্ত্রীসহ স্বজনেরা বিচার চাইতে শাহরাস্তি থানায় আসেন।

প্রবাসীর ভগ্নিপতি জাহাঙ্গীর আলম জানান, তাঁদের অসামাজিক ও অবৈধ সম্পর্কের বিষয়টি নজরে আসার পরপরই প্রবাসে থাকা ইব্রাহিম খলিলকে জানানো হয়। পারিবারিকভাবে বিষয়টি নিয়ে আলোচনা ও জানাজানি হওয়ার পর শনিবার রাতে তাঁরা একসঙ্গে পালিয়ে যান।

ঘটনায় মরিয়ম বেগমের শ্বশুর হারুনুর রশিদ বাদী হয়ে শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেন, তাঁর ছেলের বউ ঘর থেকে নগদ অর্থ ও মূল্যবান স্বর্ণালংকার সঙ্গে করে নিয়ে পালিয়েছেন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।