বহুতল ভবনের ওপরের তলায় দাউদাউ করে জ্বলছে আগুন, জানালা আর বারান্দা দিয়ে বের হচ্ছে কালো ধোঁয়া! অথচ মানুষ প্রতিনিয়ত চায় আরও উঁচু বিল্ডিং বানাবে , আরও বড় বড় অবকাঠামো তৈরি করবে । কিন্তু সেই বিল্ডিংয়ে যদি হঠাৎ আগুন লাগে, তখন মানুষকে বাঁচাতে উদ্ধারকারী দল কি একই উচ্চতায় পৌঁছাতে পারে? এই প্রশ্নটাই যেন আবার সামনে এনে দিয়েছে চীনের নিংবোতে ঘটে যাওয়া এই ঘটনা। গতকাল ১৫ সেপ্টেম্বর চীনের ঝেজিয়াং প্রদেশের নিংবো শহরের হাইশু জেলার আবাসিক কমপ্লেক্সের একটি ভবনের ওপরের তলায় হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা জানালা ও বারান্দা দিয়ে বাইরে বেরিয়ে আসতে থাকে। চারপাশ ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়। আর ভবনের ভেতরে থাকা মানুষগুলো তখন বাঁচার জন্য মরিয়া হয়ে ওঠেন।

আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও স্থানীয় উদ্ধারকারী দল। কিন্তু ওপরের তলায় পৌঁছাতে তাদের ভবনের গায়ে একটি এক্সটেনশন মই লাগাতে হয়। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি মইয়ের কাছের জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করার সময় নিচে পড়ে যান। মুহূর্তটি যেন দেখিয়ে দেয় আগুনের সামনে আটকে পড়া একজন মানুষের কাছে কয়েক সেকেন্ডও কতটা গুরুত্বপূর্ণ। পরে স্থানীয় জরুরি বিভাগ জানায় আহত ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও তদন্তাধীন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই চীনের নেটিজেনদের মধ্যে শুরু হয় তীব্র আলোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন ভবনটি কোনো বিশালাকার স্কাইস্ক্র্যাপার ছিল না, নেটিজেনদের দাবি অনুযায়ী এটি ছিল মাত্র ৬ তলা একটি সাধারণ আবাসিক ভবন। তাহলে এই ভবনের ওপরের তলায় আগুন লাগার পর মানুষকে দ্রুত নিরাপদে নামিয়ে আনার ক্ষেত্রে এতটা সমস্যা কেন হলো? কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, বড় বড় অবকাঠামো যতই সুন্দর করে তৈরি করা হোক না কেন, আগুন লাগার পর যদি মানুষকে বাঁচানোর মতো বিন্দুমাত্র উদ্ধারক্ষমতাই না থাকে, তাহলে লাভ কী? সাধারণ মানুষকে তখন বেঁচে থাকতে হয় স্রেফ ভাগ্যের জোরে।

অবশ্য স্থানীয় জরুরি বিভাগের দাবি অনুযায়ী, দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই ঘটনায় ঠিক কতজন ধোঁয়ার কারণে অসুস্থ হয়েছেন বা ভবনটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ও চূড়ান্ত বিবৃতি দেওয়া হয়নি। আগুনের প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্তও চলছে। তবে এই ঘটনা একটা বিষয় খুব স্পষ্ট করে সামনে এনেছে শুধু আকাশ ছোঁয়া ভবন বানালেই একটি শহর আধুনিক হয়ে যায় না। সেই ভবনের ওপরের তলায় বিপদে পড়া একজন মানুষকে কয়েক মিনিটের মধ্যে নিরাপদে নিচে নামিয়ে আনার সক্ষমতাও থাকতে হয় কারণ ভবন যত উঁচুই হোক, আগুন লাগার মুহূর্তে মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন একটাই ‘আমাকে বাঁচাতে কেউ কি সময়মতো পৌঁছাতে পারবে?’