পবিত্র মক্কার উত্তপ্ত মরুভূমিতে যেন আচমকাই নেমে এলো স্বস্তির পরশ। মাগরিবের নামাজ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই পবিত্র মসজিদুল হারামজুড়ে শুরু হয় ভারী বৃষ্টিপাত। প্রচণ্ড গরমের পর হঠাৎ আকাশ কালো করে নেমে আসা বৃষ্টিতে অল্প সময়ের মধ্যেই বদলে যায় কাবা প্রাঙ্গণের চিত্র। চারপাশের পরিবেশে ছড়িয়ে পড়ে এক প্রশান্তিময় আবহ। বৃষ্টির পানি যখন পবিত্র কাবার কালো গিলাফ ছুঁয়ে নিচের দিকে গড়িয়ে পড়ছিল, তখন সেই দৃশ্য উপস্থিত মুসল্লি ও ওমরাহ পালনকারীদের আবেগে ভাসিয়ে দেয়। বৃষ্টির সঙ্গে ছিল সিন্ধতায় ভরা এক শান্তির হাওয়া।
প্রতিকূল আবহাওয়াও তাদের ইবাদাত থেকে সরাতে পারেনি। টানা বৃষ্টির মধ্যেই ভিজতে ভিজতে হাজার হাজার ওমরাহ পালনকারী কাবাকে ঘিরে তাওয়াফ করতে থাকেন। এই সময়টাতেই ধরা পড়ে আরও কিছু হৃদয়ছোঁয়া দৃশ্য। অনেক প্রবীণ মানুষকেও দেখা যায় বৃষ্টিতে যেন নিজেদের বয়স ভুলে যেতে। কেউ পানিতে আনন্দ করে পিছলে যাচ্ছেন, কেউ ছুটে বেড়াচ্ছেন, আবার কেউ অবাক বিস্ময়ে বৃষ্টির প্রতিটি ফোঁটা উপভোগ করছেন। তাদের মুখের হাসিতে ফুটে উঠেছিল শিশুসুলভ আনন্দ। মনে হচ্ছিল, পবিত্র কাবার আঙিনায় নেমে আসা এই বৃষ্টি তাদের বহুদিনের হারিয়ে যাওয়া শৈশবের আনন্দকে আবার ফিরিয়ে দিয়েছে। বয়স সেখানে যেন কোনো হিসাবই ছিল না বৃষ্টির প্রতিটি মুহূর্তেই তারা খুঁজে নিয়েছিলেন নির্মল আনন্দ।
অন্যদিকে, এই আনন্দের দৃশ্যের পাশেই ছিল গভীর আবেগের মুহূর্ত। কাবার গিলাফ স্পর্শ করে দুই হাত তুলে দোয়া করতে এবং অশ্রুসিক্ত হতে দেখা যায় বহু মুসল্লি ও পরম ভক্তকে। কেউ নীরবে চোখের পানি ফেলছিলেন, আবার কেউ গিলাফ ধরে নিজের মনের আকুতিগুলো আল্লাহর কাছে তুলে ধরছিলেন। কারও প্রার্থনায় ছিল অসুস্থ প্রিয়জনের সুস্থতা, কারও মনে ছিল পরিবারের জন্য দোয়া, আবার কেউ হয়তো জীবনের নানা কষ্টের কথা ভুলে শুধু আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে থাকার অনুভূতিটুকুই উপভোগ করছিলেন। আর বৃষ্টির শব্দ, কাবার কালো গিলাফ বেয়ে নেমে আসা পানির ধারা, চারপাশে ভিজে যাওয়া মুসল্লি আর তার মাঝেই আকাশের দিকে ওঠা অসংখ্য হাত সব মিলিয়ে বাইতুল্লাহর পবিত্র প্রাঙ্গণে তৈরি হয় এক অসাধারণ আবেগঘন পরিবেশ। একই বৃষ্টির নিচে কেউ ফিরে পেয়েছেন শৈশবের আনন্দ, কেউ পেয়েছেন মনের প্রশান্তি, আবার কেউ চোখের পানির সঙ্গে মিশিয়ে দিয়েছেন নিজের দোয়া।
এরপর খুব দ্রুতই মক্কার বৃষ্টিতে ভেজা কাবা প্রাঙ্গণের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও ফেসবুকে। কাবার গিলাফ বেয়ে পানি নেমে আসার দৃশ্য এবং পবিত্র সেই পরিবেশের ভিডিও দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন অসংখ্য মানুষ। অনেকে ভিডিওগুলো শেয়ার করে প্রার্থনা করছেন হে প্রভু, এই বৃষ্টিকে আমাদের জন্য রহমত হিসেবে কবুল করুন। মক্কাবাসীর মতো পুরো মুসলিম উম্মাহকেও প্রশান্তি দান করুন। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মুসলিমদের কাছে কাবার সান্নিধ্যে এমন বৃষ্টি নিছক আবহাওয়ার পরিবর্তন নয়; বরং এটি ভালোবাসা, শান্তি এবং মহান আল্লাহর রহমতের সঙ্গে জড়িয়ে থাকা এক গভীর অনুভূতি। মরুভূমির তপ্ত মাটিতে নেমে আসা এই বৃষ্টি যেমন সেখানে থাকা মানুষদের ভিজিয়েছে, তেমনি দূর দেশে বসে ভিডিও দেখা অসংখ্য মুসলিমের হৃদয়েও তৈরি করেছে এক পবিত্র আবেগ। তাই মক্কার সেই বৃষ্টি শুধু আকাশ থেকে ঝরে পড়া পানিই ছিল না অনেকের হৃদয়ে সেটি হয়ে উঠেছে ভালোবাসা, আনন্দ, অশ্রু আর বিশ্বাসে ভরা এক অবিস্মরণীয় স্মৃতি।