যুক্তরাষ্ট্রে যাওয়ার স্বপ্ন দেখছেন? তাহলে ভিসা সাক্ষাৎকারে বলা একটি ভুল কথাই আপনার সেই স্বপ্নকে পরিণত করতে পারে ভয়াবহ দুঃস্বপ্নে! কারণ মার্কিন ভিসা পেতে শুধু কাগজপত্র ঠিক থাকলেই হবে না সাক্ষাৎকারের সময় আপনার বলা প্রতিটি তথ্যই হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জন্য এবার এমনই একটি কঠোর সতর্কবার্তা দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রে কেউ যেতে চান পড়াশোনার জন্য, কেউ ভালো চাকরির আশায়, আবার কেউ উন্নত জীবনের স্বপ্নে। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে যদি সাক্ষাৎকারে মিথ্যা, তথ্য গোপন কিংবা বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হয়, তাহলে পরিণতি হতে পারে মারাত্মক।

 আজ  শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় দূতাবাস জানিয়েছে, কোনো আবেদনকারীর আগে অভিবাসন আইন লঙ্ঘনের ঘটনা থাকলে সে বিষয়ে কনসুলার কর্মকর্তাদের কাছে তথ্য থাকতে পারে। অর্থাৎ অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা গোপন করে বা ভুল তথ্য দিয়ে পার পাওয়ার চেষ্টা করাটা হতে পারে বড় ধরনের বিপদের কারণ।

আর এখানেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা। ভিসা সাক্ষাৎকারে আবেদনকারীদের সব তথ্য সঠিকভাবে দিতে হবে। কোনো বিষয় লুকানো, মিথ্যা তথ্য দেওয়া কিংবা বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার কারণে ভিসা আবেদন বাতিল হতে পারে। অর্থাৎ একটি ভুল তথ্যই আপনার সামনে বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র যাওয়ার দরজা।

তবে বিষয়টি এখানেই শেষ নয় বরং সবচেয়ে বড় ঝুঁকিটা এরপরই! জাল নথি বা মিথ্যা তথ্য দেওয়ার কারণে শুধু ভিসা বাতিল নয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আসতে পারে।
তাই যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার আশায় কোনো তথ্য লুকিয়ে নয় সাক্ষাৎকারে বলুন শতভাগ সত্য তথ্য। কারণ কয়েক মিনিটের একটি ভিসা সাক্ষাৎকারে বলা একটি মিথ্যা কথা আপনার দীর্ঘদিনের বিদেশযাত্রার স্বপ্নের ওপর ফেলতে পারে স্থায়ী অন্ধকার।