রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ২০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজশাহী রেঞ্জ কার্যালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার ২০২ জনের মধ্যে পরোয়ানামূলে ৯৬ জন, সাজাপ্রাপ্ত ২০ জন, তদন্তাধীন মামলায় ৭৫ জন এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থায় ১১ জন রয়েছেন। এ ছাড়া পৃথক মাদকবিরোধী অভিযানে ২৫ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলায় মোট ৫৫টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে একটি খুন, একটি দস্যুতা, দুটি চুরি এবং অন্যান্য অপরাধে ৫১টি মামলা রয়েছে। একই সময়ে অপমৃত্যুর ছয়টি ঘটনা ঘটেছে।
অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোট ১৪৫টি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ৬ গ্রাম হেরোইন, ৪৬১ বোতল ফেনসিডিল, ২৮ বোতল কাফ সিরাপ, ৫ হাজার ৮৭৯ পিস ইয়াবা, ২৯ পিস ট্যাপেন্টাডল, ১৩ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ১০ লিটার চোলাই মদ এবং ৬০ লিটার ওয়াশ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ডাকাতি, যৌতুকের জন্য হত্যা, সাইবার সুরক্ষা আইন এবং নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত কোনো মামলা রেকর্ড হয়নি। এছাড়া ১ হাজার ১৫০ জন নাগরিক পুলিশি সেবা পেয়েছে।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন