বাংলাদেশ থেকে ওষুধ, পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, আসবাবপত্র ও প্লাস্টিক পণ্য আমদানির জন্য লিথুয়ানিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (৮ অক্টোবর) লিথুয়ানিয়ার পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ভিদমন্তস ভারবিকাসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা, কর্মসংস্থান, জনবল, অভিবাসন ও ভিসা সুবিধা, নারীর ক্ষমতায়ন, ক্রীড়া ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় পারস্পরিক সম্পৃক্ততা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন তারা।

প্রতিমন্ত্রী ১৯৯২ সালে বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কথা স্মরণ করে দুই দেশের পারস্পরিক সুবিধাজনক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে সামনে রেখে পররাষ্ট্র সম্পর্ক এগিয়ে নিতে কাজ করছে।

সফট কূটনীতি, তথ্যপ্রযুক্তি ও দক্ষতা বিনিময়ে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন শামা ওবায়েদ। একই সঙ্গে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তুলে ধরে কৃষি প্রক্রিয়াজাতকরণ, নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে লিথুয়ানিয়ার বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সাক্ষাতে জলবায়ু পরিবর্তন ও পরিবেশের অবক্ষয়, জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিয়েও সম্ভাব্য সহযোগিতার বিষয় আলোচনা হয়। দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে উচ্চপর্যায়ের সফর বিনিময়, ব্যবসায়ী প্রতিনিধি দল ও চেম্বারের মধ্যে যোগাযোগ, যুব ও শিক্ষার্থী বিনিময়, সাংস্কৃতিক ও ক্রীড়া দলের সফর এবং পর্যটন সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ।