পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘বাংলাদেশকে অগ্রাধিকার’ নীতির অর্থ কোনোভাবেই বিচ্ছিন্নতাবাদ নয়। বরং জাতীয় স্বার্থকে কূটনীতির কেন্দ্রে রেখে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করাই এ নীতির মূল উদ্দেশ্য।

সোমবার মিরপুরের ন্যাশনাল ডিফেন্স কলেজে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে চীন, ভারত, জাপান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মতো শক্তিগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ ও স্বচ্ছ সম্পর্ক বজায় রাখতে হবে। একই সঙ্গে ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা, নিরাপত্তা ঝুঁকি, অর্থনৈতিক চাপ, প্রযুক্তিগত পরিবর্তন ও জলবায়ু সংকট মোকাবিলায় বাস্তবসম্মত পররাষ্ট্রনীতি প্রয়োজন।

হুমায়ুন কবির আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আঞ্চলিক যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বিদেশে থাকা বাংলাদেশি নাগরিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করাও পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ।