মহান মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক তালিকা এবং প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করে প্রতিবেদন তৈরির সুপারিশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. মনিরুল হক চৌধুরী।
বৈঠকে গত ছয় মাসে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন কার্যক্রম ও সেগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা, তাদের কল্যাণ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস যথাযথভাবে তুলে ধরার বিষয়েও আলোচনা করা হয়।
কমিটি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রকৃত বীর মুক্তিযোদ্ধারা যাতে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পান, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।
এ ছাড়া মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে যথাযথ উদ্যোগ নেওয়ার পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধারা যাতে প্রয়োজনীয় সম্মান পান, সে বিষয়ে সচেষ্ট থাকার পরামর্শ দিয়েছে কমিটি।
বৈঠকে আহত জুলাই যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে দেশের বাইরে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়।
এ ছাড়া মুক্তিযোদ্ধা সংসদকে সচল রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে সংগঠনটি জাতীয় পর্যায়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। বৈঠকে আগের সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, মো. আব্দুল হান্নান ও রোকেয়া বেগম অংশ নেন। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।