বিভিন্ন ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি অভিযোগ করেন, ‘বেহেশতের টিকিট বিক্রিকারীরা’ আবার ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র করছে।
বৃহস্পতিবার দুপুরে মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা ও টিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী মাস থেকে জনসংখ্যা নিয়ন্ত্রণের পিলসহ বিভিন্ন সামগ্রী ব্যাপকভাবে বিতরণ করা হবে। পাশাপাশি স্বাভাবিক প্রসব নিশ্চিত করতে নতুন ওষুধ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
হামের টিকাদান কর্মসূচি আগামী শনিবার থেকে আবারও শুরু হবে জানিয়ে তিনি শিশুদের টিকা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
জ্বালানি সংকট প্রসঙ্গে সরদার সাখাওয়াত হোসেন বলেন, বঙ্গোপসাগরে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে দ্রুত গ্যাসকূপ খননের উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া জ্বালানি সংকট মোকাবিলায় বিভিন্ন ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের কার্যক্রম নেওয়া হয়েছে বলেও জানান তিনি।