দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বর্তমান ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ জন্য দ্রুত অ্যাডহক কমিটি গঠন করে পুনর্গঠন কার্যক্রম শুরু করতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের সংশোধিত প্রবিধানমালার আওতায় দেশের বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসাগুলোর বিদ্যমান কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় অনুমতি নিয়ে দ্রুত অ্যাডহক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করতে হবে। একই সঙ্গে গত ২ আগস্ট জারি করা বোর্ডের নির্দেশনাও বহাল থাকবে।

নতুন প্রবিধান অনুযায়ী, মাদ্রাসা প্রধান স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে সভাপতির মনোনয়নের জন্য তিনজনের নামের তালিকা পাঠাবেন। এতে শিক্ষানুরাগী, সমাজসেবক, জনপ্রতিনিধি এবং নবম গ্রেড বা তার ওপরে পদমর্যাদার কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা যাবে।

সিটি করপোরেশন এলাকার মাদ্রাসার ক্ষেত্রে বিভাগীয় কমিশনারের মাধ্যমে শিক্ষা বোর্ডে সভাপতির মনোনয়নের প্রস্তাব পাঠাতে হবে। বোর্ডের এ নির্দেশনা দেশের সব মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠান প্রধান, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদেরও জানানো হয়েছে।

এর আগে ২৭ সেপ্টেম্বর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বিদ্যমান কমিটিগুলো পুনর্গঠনের জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। ওই নির্দেশনার ধারাবাহিকতায় মাদ্রাসা শিক্ষা বোর্ড নতুন এ নির্দেশনা জারি করেছে।