বিদেশ ভ্রমণ সহজ করতে বৈদেশিক মুদ্রা নগদায়নের নিয়মে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত মানি চেঞ্জারগুলো থেকে ভ্রমণ কোটার আওতায় একজন বিদেশগামী নাগরিক একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার কিনতে পারবেন। আগে এ সীমা ছিল ২ হাজার ডলার।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। পরে কেন্দ্রীয় ব্যাংকের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজেও এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

নতুন নির্দেশনার ফলে নির্ধারিত সীমার মধ্যে মার্কিন ডলার কিনতে গ্রাহকদের আর ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবে না। এতে বিদেশগামী যাত্রীদের ভোগান্তি কমবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাৎসরিক ব্যক্তিগত ভ্রমণ কোটার অবশিষ্ট অংশ গ্রাহকদের চাহিদা অনুযায়ী অন্যান্য অবাধে বিনিময়যোগ্য বৈদেশিক মুদ্রায় এনডোর্স করার সুবিধা আগের মতোই বহাল থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদেশগামী সাধারণ মানুষের বৈদেশিক মুদ্রা লেনদেন সহজ করা এবং মুদ্রা এনডোর্সমেন্ট প্রক্রিয়াকে আরও সুবিধাজনক করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।