বিদেশযাত্রায় বাংলাদেশিদের নগদ ডলার কেনার সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ভ্রমণ কোটার আওতায় লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জার থেকে একজন গ্রাহক একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার কিনতে পারবেন। আগে এই সীমা ছিল ২ হাজার ডলার।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি-সংক্রান্ত সংশ্লিষ্ট বিভাগ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রার প্রয়োজন মেটাতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারগুলো একজন গ্রাহকের বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার বিপরীতে একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার নগদ নোট ও মুদ্রা আকারে বিক্রি করতে পারবে।

এর আগে একবারে সর্বোচ্চ ২ হাজার ডলার নগদ কেনার সুযোগ ছিল। ফলে নতুন সিদ্ধান্তে একবারে ডলার কেনার সীমা ১ হাজার ডলার বাড়ল।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গ্রাহকের বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার অবশিষ্ট অংশ নির্ধারিত কোটার পরিমাণ ও সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রার প্রাপ্যতা সাপেক্ষে অন্যান্য অবাধে বিনিময়যোগ্য বিদেশি মুদ্রার নোট ও মুদ্রা হিসেবেও বিক্রি করা যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে বিদেশগামী যাত্রীরা ভ্রমণের আগে মানি চেঞ্জারের মাধ্যমে একবারে আগের তুলনায় বেশি পরিমাণ নগদ বৈদেশিক মুদ্রা সংগ্রহের সুযোগ পাবেন।