মুন্সীগঞ্জের শ্রীনগর অগ্রণী ব্যাংক শাখায় ভুয়া এফডিআর, চেক জালিয়াতি ও নথিপত্রে কারসাজির মাধ্যমে ৯১ গ্রাহকের ৮ কোটি ১৯ লাখ ৮০ হাজার ৮২৬ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যাংকের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুদকের একটি দল ব্যাংক শাখাটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাবেক দুই ব্যবস্থাপক, একজন ক্যাশ অফিসার ও দুই নিরাপত্তাকর্মী রয়েছেন।

দুদকের অনুসন্ধানে প্রাথমিকভাবে অর্থ আত্মসাতের প্রমাণ মিলেছে। তবে ক্ষতিগ্রস্ত গ্রাহকের সংখ্যা ২০০ ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বেশি সুদের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের নামে ভুয়া এফডিআর তৈরি, চেক ও জমা স্লিপ জাল এবং ব্যাংক হিসাবের তথ্য পরিবর্তনের মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে দুদকের অনুসন্ধান চলছে এবং দ্রুত মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।