সরকারের ভেতরে থাকা ফ্যাসিস্টদের অনুসারীরা বিএনপিকে জনগণের সামনে ব্যর্থ হিসেবে তুলে ধরতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি বলেন, এসব ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার ইয়াকুবদণ্ডী হুলাইন পাইরোল উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনামুল হক এনাম দাবি করেন, বিগত সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সরকারকে ক্ষমতা থেকে সরানো না হলে শিক্ষাক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ হতো বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর শিক্ষামন্ত্রীকে শিক্ষাব্যবস্থা পুনরুদ্ধারে শিক্ষাবান্ধব ভূমিকা রাখার নির্দেশনা দিয়েছেন। দেশের শিক্ষা খাতের উন্নয়ন ও পুনর্গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিদ্যুৎ সংকট প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর যুদ্ধ পরিস্থিতির কারণে বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ফ্যাসিস্টদের সঙ্গে নিয়ে দেশবিরোধী শক্তি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. এ কে এম নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য এনামুল হক এনাম।