সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে তার ব্যক্তিগত পরিবারের পাশাপাশি বিএনপিও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সালাহউদ্দিন আহমেদের দ্বিতীয় জানাজায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম জানান, সালাহউদ্দিন আহমেদের স্বপ্ন ছিল নিজের এলাকায় একটি কমিউনিটি সেন্টার ও হাসপাতাল নির্মাণ করা। তার এই পরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন তিনি।

সালাহউদ্দিন আহমেদের সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে কাজ করার স্মৃতিচারণা করে আবদুস সালাম বলেন, আন্দোলন-সংগ্রাম এবং দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার কাজে তিনি সব সময় পাশে ছিলেন। তার বিশ্বাস, নিজের কর্মের মধ্য দিয়ে সালাহউদ্দিন আহমেদ মানুষের মাঝে বেঁচে থাকবেন।

মৃত্যুর দুই দিন আগে তাকে দেখতে যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরে আবদুস সালাম বলেন, সে সময় সালাহউদ্দিন আহমেদ নিজের পরিবার নিয়ে কথা না বলে দলের ভবিষ্যৎ ও এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা করেছিলেন। কমিউনিটি সেন্টার নির্মাণের ইচ্ছার কথাও তাকে জানিয়েছিলেন।

আবদুস সালাম বলেন, সালাহউদ্দিন আহমেদের স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এ সময় সালাহউদ্দিন আহমেদের ছেলে ও ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আহমেদ রবিনের নেতৃত্ব নিয়েও আশাবাদ প্রকাশ করেন আবদুস সালাম। তিনি মনে করেন, বাবার যোগ্য উত্তরসূরি হিসেবে রবিন নেতৃত্ব দিতে পারবেন।

জানাজায় উপস্থিত নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবদুস সালামের প্রত্যাশা, সবাই এই শোক কাটিয়ে উঠতে পারবেন। তিনি মরহুম সালাহউদ্দিন আহমেদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তার জন্য জান্নাত প্রার্থনা করেন।