রাজধানীর রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হোসেনকে বদলি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কমিটির এক নেতাকে পুনরায় আহ্বায়ক হিসেবে দেখতে চেয়ে পোস্ট দেন ওসি নোমান হোসেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।

গত ৩ অক্টোবর এ ঘটনায় ‘বিএনপির কমিটি ভেঙে দেওয়ায় ব্যথিত ওসির আবেগঘন পোস্ট, সমালোচনার ঝড়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে যুগান্তর অনলাইন। প্রতিবেদন প্রকাশের পর ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলে আলোচনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশের একটি সংস্থার প্রতিবেদনেও তাঁকে নিয়ে তথ্য উঠে আসে। এর চার দিন পর তাঁকে বদলি করা হলো।

জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। ওই কমিটির আহ্বায়ক ছিলেন মো. আমিনুল হক এবং সদস্যসচিব ছিলেন মো. মোস্তফা জামান। বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে কমিটি বিলুপ্তির বিষয়টি জানানো হয়।

কমিটি বিলুপ্তির দুই দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন ওসি নোমান। সেখানে বিলুপ্ত কমিটির এক শীর্ষ নেতাকে পুনরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে দেখতে চান বলে জানান তিনি। পোস্টটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। সরকারি দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মকর্তার রাজনৈতিক দলের কমিটি নিয়ে এমন মন্তব্য করা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন এবং তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে রূপনগর থানার ওসি নোমান হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, ওসির পোস্টটি তিনি দেখেছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং তদন্ত চলছে। তিনি দোষী সাব্যস্ত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।