<p>হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ওয়াশরুমের কমোডের ট্যাংক থেকে উদ্ধার হয়েছে ৪ কেজি ২০৪ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিমানবন্দরের কাস্টমস হলের ১ নম্বর বেল্টসংলগ্ন ওয়াশরুমে অভিযান চালিয়ে এসব পেস্ট উদ্ধার করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার হওয়া পেস্টে থাকা স্বর্ণের প্রাথমিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।<p/><p>কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওয়াশরুমের একটি হাই কমোডের ট্যাংকে তল্লাশি চালানো হয়। সেখানে পলিথিনে মোড়ানো আটটি ডিমসদৃশ প্যাকেট দেখতে পান কর্মকর্তারা। প্যাকেটগুলোর কোনো দাবিদার পাওয়া যায়নি। পরে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে প্যাকেটগুলো উদ্ধার করে কাস্টমস হলের ইনভেন্ট্রি টেবিলে খোলা হয়।<p/><p>প্যাকেটগুলো খুলে প্রাথমিকভাবে ৪ দশমিক ২০৪ কেজি স্বর্ণ পেস্ট পাওয়া যায়। তবে এতে প্রকৃতপক্ষে কতটুকু স্বর্ণ রয়েছে এবং স্বর্ণের বিশুদ্ধতা কত—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এজন্য নিবন্ধিত স্বর্ণকারের মাধ্যমে পেস্ট থেকে স্বর্ণ আলাদা করার প্রক্রিয়া চলছে।<p/><p>পেস্ট থেকে স্বর্ণ পৃথক করার পর এর প্রকৃত ওজন ও বিশুদ্ধতা নির্ধারণ করা হবে। সেই হিসাবের ভিত্তিতেই চূড়ান্ত বাজারমূল্য জানা যাবে। তবে প্রাথমিক হিসাবে উদ্ধার হওয়া পেস্টে থাকা স্বর্ণের বাজারমূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা হতে পারে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা। <p/><p>মালিকবিহীন অবস্থায় বিমানবন্দরের ওয়াশরুমের কমোডের ট্যাংকের ভেতর এত বিপুল পরিমাণ স্বর্ণসদৃশ পেস্ট কীভাবে সেখানে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।<p/>