বিশ্ব যখন টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে পড়ছে, তখন আর বসে থাকার সময় নেই এবার সবাইকে একসঙ্গে মাঠে নামতে হবে। আর সেই আহ্বানই জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় বিশ্ব নেতৃবৃন্দের উদ্দেশে এমন আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে আমরা অনেক পিছিয়ে আছি। এখন প্রয়োজন কার্যকর পদক্ষেপ, আর সেই পদক্ষেপ সফল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। শুধু নিজের দেশের উন্নয়ন নয়, বিশ্বের প্রতিটি দেশের অগ্রগতির সঙ্গে যেন অন্য দেশের অগ্রগতিও যুক্ত থাকে সেই বিষয়টির ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, এসডিজি বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে হবে। একে অপরের অভিজ্ঞতা বিনিময় করতে হবে এবং সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে। কারণ টেকসই উন্নয়নের এই লক্ষ্যগুলোর সঙ্গে সরাসরি জড়িয়ে আছে মানুষের দৈনন্দিন জীবন। দারিদ্র্য কমানো থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবেশ সুরক্ষা সবকিছুই এর অংশ।
আর ২০৩০ সালের লক্ষ্য সামনে রেখে সময় যত এগিয়ে যাচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে শুধু প্রতিশ্রুতি দিয়ে এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। প্রয়োজন বাস্তব কাজ, প্রয়োজন দেশগুলোর মধ্যে সহযোগিতা এবং প্রয়োজন যৌথ দায়িত্ববোধ। জাতিসংঘের এই উচ্চপর্যায়ের আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরাও ভিডিও বার্তা দেন।
সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তার মূল কথাটিও ছিল পরিষ্কার বিশ্বের সামনে লক্ষ্য আছে, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাতে হলে একা নয়, সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে। আর সেই পথেই আন্তর্জাতিক অংশীদারিত্ব, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন তিনি।