ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন অর্থনীতিবিদ ও গবেষক ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।
ড. রাজ্জাককে স্বাগত জানিয়ে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান বলেন, ব্যাংকটি প্রবৃদ্ধি ও রূপান্তরের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এ সময়ে শক্তিশালী সুশাসন ও কৌশলগত তদারকি প্রয়োজন। গবেষণা, উন্নয়ন, শিক্ষা ও নীতি নির্ধারণে ড. রাজ্জাকের দীর্ঘ অভিজ্ঞতা পরিচালনা পর্ষদের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক অর্থনীতি, গবেষণা, উন্নয়ন ও জননীতি নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করেছেন। বর্তমানে তিনি ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে খণ্ডকালীন অধ্যাপক হিসেবে যুক্ত আছেন।
লন্ডনে কমনওয়েলথ সেক্রেটারিয়েটে দীর্ঘদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ড. রাজ্জাক। সেখানে তিনি হেড অব ইন্টারন্যাশনাল ট্রেড পলিসিসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন এবং বাণিজ্যনীতি ও বৈশ্বিক অ্যাডভোকেসি বিষয়ে কাজ করেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেছেন তিনি।
আন্তর্জাতিক পর্যায়ে তাঁর কাজের অভিজ্ঞতাও বিস্তৃত। সাব-সাহারা আফ্রিকা, দক্ষিণ এশিয়া, ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের অর্থনীতি, উন্নয়ন ও নীতি নিয়ে গবেষণা ও কার্যক্রমে যুক্ত ছিলেন তিনি। বিভিন্ন দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে কাজ করার পাশাপাশি জি-২০ ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপে একাধিকবার কারিগরি উপস্থাপনাও করেছেন।
এ ছাড়া যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউস অব লর্ডস ও হাউস অব কমন্সের বিভিন্ন কমিটির সামনে প্রমাণ উপস্থাপনের জন্যও আমন্ত্রিত হয়েছেন ড. রাজ্জাক।
বাংলাদেশের এলডিসি উত্তরণ, বাণিজ্য ও রপ্তানি সক্ষমতা, সামাজিক নিরাপত্তা, শ্রমবাজার, দারিদ্র্য ও বৈষম্য, আর্থিক অন্তর্ভুক্তি, অভিবাসন ও রেমিট্যান্স এবং সামষ্টিক অর্থনীতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দীর্ঘদিন ধরে গবেষণা ও নীতিনির্ধারণী কার্যক্রমে যুক্ত তিনি।
বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক, জাতিসংঘ ও বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের একাধিক নীতি গবেষণায় নেতৃত্ব ও অবদান রেখেছেন ড. রাজ্জাক। বিশেষ করে এলডিসি উত্তরণের প্রস্তুতি, সামাজিক নিরাপত্তা সংস্কার ও আর্থিক অন্তর্ভুক্তির মতো বিষয়ে তাঁর কাজ রয়েছে।
শিক্ষাজীবনে যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার অব সোশ্যাল সায়েন্স ডিগ্রি অর্জন করেন তিনি। তাঁর লেখা একাধিক বই, গবেষণা নিবন্ধ ও নীতিপত্রও প্রকাশিত হয়েছে।
ব্র্যাক ব্যাংক জানিয়েছে, ড. রাজ্জাকের গবেষণা ও নীতিনির্ধারণী অভিজ্ঞতা পরিচালনা পর্ষদের কৌশলগত তদারকি এবং ব্যাংকের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।