বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম শনাক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এসব প্ল্যাটফর্মে লেনদেন না করতে সাধারণ মানুষকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পেমেন্ট সেবা দিলে তা ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’ অনুযায়ী অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ।

শনাক্ত করা প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে বহুদুরপে, জিনিপে, পেটিলার, বেঙ্গলিপে, পেওরা বিডি, সহজপে বিডি, ইজিপেওয়ে, একে পে, বিডি পে, সাজগারপে, আস্থাপের বা সিপে, উদ্যোক্তাপের, ওয়ালেটমিক্স, বিটিটিপে, ইজি পে অটোমেশন, ইউনিকপে বিডি, বিডি অটো পে, আরএইচ পে বিডি, ইজিপে, অটোপে লিমিটেড, বিশ্বস্ত ও পিপ্রাপের।

কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য আইনি ঝুঁকি এড়াতে এসব লাইসেন্সবিহীন প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো ধরনের লেনদেন বা কার্যক্রম না করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।