গাজীপুরের টঙ্গীতে চিহ্নিত ছিনতাইকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর সাতাইশের সখিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তা এসআই হানিফ মাহমুদ টঙ্গী পশ্চিম থানায় দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালায় টঙ্গী পশ্চিম থানার একটি দল। এ সময় শাওন ও সাগর মিয়াকে আটক করার চেষ্টা করলে তাঁরা পুলিশের ওপর হামলা করেন।

একপর্যায়ে তাঁদের আটক করতে গেলে একজন ছুরি দিয়ে এসআই হানিফ মাহমুদের বাঁ পায়ে আঘাত করেন। এতে তাঁর পায়ে গভীর ক্ষত হয়।

আহত অবস্থায় হানিফ মাহমুদকে প্রথমে টঙ্গীর গুটিয়া ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার শফিকুর রহমান বলেন, চিহ্নিত ছিনতাইকারীদের ধরতে গিয়ে এসআই হানিফ মাহমুদ আহত হয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেও তিনি অভিযান থেকে পিছিয়ে যাননি।