স্থায়ী বসতভিটা না থাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র পাচ্ছিলেন না ঝিনাইদহের মিশন আচার্য। অবশেষে তার নিয়োগ জটিলতার অবসান হয়েছে এবং নিয়োগপত্র পেয়েছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) সকালে ঝিনাইদহ পৌর শহরের কলাবাগান পাড়ায় আয়োজিত এক অনুষ্ঠানে মিশনের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা মিশনের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশপ্রাপ্ত হলেও স্থায়ী বসতভিটা না থাকায় নিয়োগপত্র পাওয়া নিয়ে জটিলতায় পড়েন মিশন। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর তার নিয়োগ নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়।