চট্টগ্রাম নগরের পতেঙ্গা বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, নগরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও সাইকেল ট্র্যাক ও হাঁটার পথ নির্মাণ করা হবে।

অর্থমন্ত্রী বলেন, সাইকেল চালানো স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব। তাই সাইকেল চালকদের নিরাপদ চলাচলের জন্য আলাদা পথ তৈরি করা প্রয়োজন। পাশাপাশি নাগরিকদের হাঁটাচলার সুবিধা বাড়াতেও উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন বলেন, বিমানবন্দর সড়কে প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ চার লেনের সড়কের পাশে ফুটপাত এবং সাইকেল ট্র্যাক নির্মাণ করা হয়েছে। এ উদ্যোগ সাইকেল ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি যানজট ও পরিবেশদূষণ কমাতে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উদ্বোধনের পর অর্থমন্ত্রী ও মেয়র সাইকেল ট্র্যাকে সাইকেল চালান।