রাজধানীর মিরপুরে মেট্রোরেলের পিলারে জুলাই আন্দোলনের স্মৃতি তুলে ধরতে গ্রাফিতি আঁকার কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ‘লেটস রিমেক জুলাই গ্রাফিতি’ শীর্ষক এ উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের ছবি ও গ্রাফিতি আঁকা হবে।
শুক্রবার মিরপুর-১০ গোলচত্বরের মেট্রোরেলের ২৪৮ নম্বর পিলারে রং করার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
তিনি জানান, মেট্রোরেলের পিলার থেকে পোস্টার অপসারণের জন্য ৭২ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছিল। স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় নির্ধারিত সময়ের আগেই পোস্টার সরানো সম্ভব হয়েছে।
ডিএনসিসি প্রশাসক বলেন, দেশের ইতিহাসে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের আত্মত্যাগ ও ভূমিকা স্মরণীয় করে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। জুলাই আন্দোলনের পেছনে খালেদা জিয়ার অবদান রয়েছে বলে মনে করায় তাঁর ছবিও গ্রাফিতিতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ছবিও স্থান পাবে।
তিনি আরও বলেন, এ উদ্যোগকে রাজনৈতিক কর্মকাণ্ডে পরিণত না করে প্রত্যেকের অবদান ইতিহাসে তুলে ধরাই তাঁদের লক্ষ্য।
ডিএনসিসি জানিয়েছে, নগরবাসীর অংশগ্রহণে মেট্রোরেলের পিলারগুলোতে গ্রাফিতি আঁকা হবে। অংশগ্রহণকারীদের জন্য প্রয়োজনীয় রং, ব্রাশ ও অন্যান্য সামগ্রী সরবরাহ করবে সিটি করপোরেশন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।