ঢাকার সড়কে অটোরিকশা চলাচলের দাবিতে আন্দোলন করা একটি রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলের ৭০০ অটোরিকশা রয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুরে মেট্রোরেলের পিলারে জুলাইয়ের গ্রাফিতি পুনরায় আঁকার কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ অভিযোগ করেন।
শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, অটোরিকশা চলাচলের দাবিতে আন্দোলনের পেছনে সাধারণ মানুষের সমর্থন নেই। অথচ একটি বড় রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেল অটোরিকশা চলাচলের দাবি সরকারের মেনে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন। পরে খোঁজ নিয়ে ওই নেতার ৭০০ অটোরিকশা থাকার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।
ডিএনসিসি প্রশাসক আরও বলেন, একটি রাজনৈতিক দল হকার ও রিকশাচালকদের উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।
ফুটপাত সংস্কারের বিষয়ে তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত ফুটপাত মেরামত করে সেগুলো দৃষ্টিনন্দন করা হবে।
মেট্রোরেলের পিলারে গ্রাফিতি আঁকার কার্যক্রম প্রসঙ্গে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ৭২ ঘণ্টার মধ্যে পিলারগুলো থেকে পোস্টার সরিয়ে গ্রাফিতি আঁকার কাজ করা হচ্ছে। এ কার্যক্রমে কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাত থাকবে না। দেশের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা ব্যক্তিদের গ্রাফিতিতে স্থান দেওয়া হবে বলেও জানান তিনি।