দেশে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় রোগ শনাক্তকরণ ও চিকিৎসাসেবায় সহায়তার জন্য বাংলাদেশকে পাঁচ লাখ ডেঙ্গু এনএস১ র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত স্ট্রাইডস কার্যক্রমের আওতায় এসব কিট সরবরাহ করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে কিটগুলো হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তৃষিতা মওলা।
কিটগুলো দ্রুত দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, হস্তান্তর করা সব কিট প্রথমে কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) জমা হবে। পরে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে চাহিদা অনুযায়ী জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে তা বিতরণ করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন পাওয়া কিটের পাশাপাশি সরকারি খাতেও পর্যাপ্ত ডেঙ্গু অ্যান্টিজেন কিট ও আইভি স্যালাইন মজুত রয়েছে। ফলে দেশের কোনো এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও পরীক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে।
এদিকে দেশে ডেঙ্গু ভ্যাকসিন চালুর বিষয়েও সরকার চিন্তাভাবনা করছে বলে জানান তিনি। ভ্যাকসিনের উচ্চমূল্য বিবেচনায় এর কার্যকারিতা ও নিরাপত্তা যাচাইকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ ও গ্যাভির সঙ্গে আলোচনা চলছে।
অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড ও রোগনির্ণয় পরীক্ষাগার পরিদর্শন করেন।