ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সারাদেশে সাত দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। রোববার (১৩ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কর্মসূচির আওতায় জেলা ও মহানগর যুবদল এবং অধীনস্থ উপজেলা, থানা ও পৌর ইউনিটগুলো বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে। স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও যুবসমাজকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে এসব কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় মাঠপর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি সংশ্লিষ্ট ইউনিটগুলোকে কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে স্থানীয় পর্যায়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।
কর্মসূচি সফল করতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দেশের সব ইউনিটকে সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছে যুবদল। সংগঠনটির পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।