দেশের বিভিন্ন এলাকায় জমি, বাড়ি ও দোকান দখলের অভিযোগ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক তাসনিম জারা। এসব ঘটনায় স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর-১ নম্বরে হামলা ও ভাঙচুরের শিকার বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তাসনিম।
তিনি বলেন, বিএনপি ইতোমধ্যে তাদের দলের এক নেতাকে, সম্ভবত জয়পুরহাটের একজনকে, বহিষ্কার করেছে। তিনি এটিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
তাসনিম প্রশ্ন তুলে বলেন, বিষয়টি কি শুধু বহিষ্কারের বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি কেন এমন ঘটনা ঘটছে সেটিও খতিয়ে দেখা হবে? ক্ষমতায় আসার পর স্থানীয় নেতারা কীভাবে দখলের সুযোগ পাচ্ছেন, সেটিও তদন্তের বিষয় বলে মন্তব্য করেন তিনি।
স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের সময় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তাসনিম। তিনি বলেন, এমন পরিস্থিতি চলতে থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর মানুষের আস্থা কীভাবে বজায় থাকবে, সেটি বড় প্রশ্ন।