দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফেনী সরকারি কলেজ শাখা ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক চুমকি আক্তারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সংগঠনটি। অভিযোগের জবাব দিতে তাঁকে আগামী ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের নির্দেশে এই শোকজ জারি করা হয়। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি ও শোকজের প্রেক্ষাপট দলীয় প্যাডে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ফেনী সরকারি কলেজ শাখার অত্যন্ত দায়িত্বশীল পদে আসীন থেকে সংগঠনটির শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না— সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।
দলীয় অবস্থান স্পষ্ট করে ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন জানান, দলীয় পদে বহাল থেকে সংগঠনের গঠনতন্ত্রবিরোধী আচরণ করা হলে কাউকেই ছাড় দেওয়া হবে না এবং যে কাউকেই শাস্তির মুখোমুখি হতে হবে।
একই সুর মিলিয়ে জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন বলেন, সংগঠনের সুনির্দিষ্ট শৃঙ্খলা ভঙ্গ করা হলে গঠনতন্ত্র অনুযায়ী আইনগত ও সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
মহিলা দলের তীব্র প্রতিক্রিয়া ও বহিষ্কারের দাবি এদিকে ফেনী জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজী বিষটি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে জানান, “মহিলা দলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এত ছোট একটি মেয়ের কুরুচিপূর্ণ আচরণ কোনোভাবেই বরদাস্ত করার মতো নয়। ছাত্রদল যদি ওর বিরুদ্ধে দ্রুততম সময়ে কড়া ব্যবস্থা না নেয়, তবে তা পুরো মহিলা দলকে হেয়প্রতিপন্ন করার সামিল হবে। আমি মহিলা দলের পক্ষ থেকে চুমকি আক্তারের স্থায়ী বহিষ্কারের দাবি জানাচ্ছি।”
মূল ঘটনার বিবরণ উল্লেখ্য, এই ঘটনার আগে চুমকি আক্তার তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এক লাইভে এসে তিন জন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে নানা হয়রানি ও হেনস্তামূলক বক্তব্য প্রদান করেন বলে সুনির্দিষ্ট অভিযোগ ওঠে। ওই লাইভে তাঁর পাঁচ বছর বয়সী শিশু সন্তানকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ ছাড়া সন্তান অপহরণের ঘটনায় আইনগত মামলা করার কথা জানান এবং ভবিষ্যতে তিনি কোনো কারণে আত্মহত্যা করলে তার জন্য সংশ্লিষ্ট সাংবাদিকদের দায়ী করা হবে বলেও লাইভে উল্লেখ করেছিলেন বলে অভিযোগ করেছেন তারা।