দেশে যৌথ অভিযান পরিচালনার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসারের সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়ার অংশ। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী এ কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) নতুন সদর দপ্তর নির্মাণের ফলক উন্মোচন শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্বে অবহেলা বা অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারও বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে শুধু দায়িত্ব থেকে প্রত্যাহার নয়, যথাযথ বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনায় ফৌজদারি মামলাও করা হচ্ছে বলে জানান তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এই মাসে কোনো অপশক্তি দেশে কোনো ধরনের অস্থিরতা তৈরি করতে পারবে না।’

এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব সদর দপ্তর নির্মাণের উদ্যোগের কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, তেজগাঁওয়ে এ জন্য গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে তিন একরের বেশি জমি বরাদ্দ পাওয়া গেছে। সেখানে আধুনিক ও বৃহৎ অবকাঠামো নির্মাণ করা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, নিয়মিত ও অনিয়মিত সদস্য মিলিয়ে আনসার ও ভিডিপি দেশের সবচেয়ে বড় বাহিনী। জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীটির ভূমিকার প্রশংসা করেন তিনি। পাশাপাশি সদস্যদের আর্থিক ও অন্যান্য দাবিদাওয়া পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দেন।

ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, যানজট কমাতে অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মামলা প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

এ ছাড়া রাস্তা খনন ও নির্মাণকাজের কারণে যাতে যানজট সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। পুরো রাস্তা একসঙ্গে খনন না করে ধাপে ধাপে কাজ শেষ করে দ্রুত পুনর্নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।