কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের হাজতি মো. শাহিন আলম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কারারক্ষী আমিরুল ইসলাম জানান, গত ৩০ সেপ্টেম্বর কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শাহিন আলম। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। পরদিন ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শাহিন আলমের হাজতি নম্বর ২৮২১০/২৬। তিনি জামালপুরের ইসলামপুর উপজেলার টেকপাড়া এলাকার মো. বশির উদ্দিনের ছেলে। তবে কোন মামলায় তিনি কারাগারে ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, শাহিন আলমের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।