ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম সরিয়ে আবারও ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা হচ্ছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হলের গেটে নাম পরিবর্তনের কাজ শুরু করে হল প্রশাসন।

হলের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. জবান আলী বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা হচ্ছে। লিখিত কোনো আবেদন পাওয়া যায়নি বলেও জানান তিনি।

জবান আলী বলেন, মৌখিকভাবে শিক্ষার্থীরা বারবার নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন। হলের নাম নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। তাই এখন গেটে শুধু ‘শেখ মুজিবুর রহমান হল’ নামই লেখা হবে।

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে মন্তব্য করেননি।

এর আগে ২০২৫ সালের ২০ ডিসেম্বর রাতে হলের প্রধান ফটক থেকে শেখ মুজিবুর রহমানের নাম সরিয়ে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা হয়। পরে ২০২৬ সালের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় হলটির নাম ‘শহীদ ওসমান হাদি হল’ করার সুপারিশ করা হয়েছিল।

একই সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল’ করারও সুপারিশ করা হয়। তবে পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে শেখ পরিবারের নামে থাকা স্থাপনাগুলোর নাম পরিবর্তন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে ডাকসুর কয়েকজন সিনেট সদস্য অধিবেশন থেকে ওয়াকআউটও করেন।

বর্তমানে হলের গেটে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম সরিয়ে পুনরায় ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখার কাজ চলছে।