রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ ও নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অপরাধে ৪০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ৯০ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া মতিঝিল বিভাগে ৮২ জন, তেজগাঁওয়ে ৭৯ জন, ওয়ারীতে ৭৫ জন, লালবাগে ৫৯ জন, গুলশানে ৪৭ জন, উত্তরা বিভাগে ৪৩ জন এবং রমনা বিভাগে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা বিভাগ থেকে ১১ জন এবং সিটিটিসি একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযান চলাকালে পুলিশ ৭৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১ হাজার ৪৪২ পিস ইয়াবা, ৭ গ্রাম হেরোইন ও দুই ক্যান বিয়ার উদ্ধার করে। এ ছাড়া একটি কাভার্ডভ্যান, দুটি মোটরসাইকেল, নয়টি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়েছে। একই সঙ্গে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।