রাজধানীর নিউমার্কেটে যুবদলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বহিষ্কৃত ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। প্রায় দুই মাস পর তাদের সাংগঠনিক কার্যক্রমে ফেরার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া পাঁচ নেতা হলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন শিকদার ও প্রিন্স খন্দকার, সাবেক সাধারণ সম্পাদক মৃধা জুলহাস এবং আহ্বায়ক কমিটির সদস্য সাগর খান ও মির্জা গোলাম রায়হান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্তে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে তাদের আর কোনো সাংগঠনিক বাধা থাকছে না।

উল্লেখ্য, গত ১১ আগস্ট রাজধানীর নিউমার্কেটে বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতে দোকান বসানো, চাঁদাবাজি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদল এবং নিউমার্কেট থানা যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। দফায় দফায় চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ থেকে ২৫ জন আহত হন। এ সময় প্রিয়াঙ্গন মার্কেট-সংলগ্ন এলাকায় ভাঙচুরের ঘটনাও ঘটে।

ওই ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল ও যুবদলের উভয় পক্ষের ১০ নেতাকে বহিষ্কার করা হয়েছিল। দুই মাস পর ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে তাদের সাংগঠনিক কার্যক্রমে ফেরার পথ খুলল।