জামালপুরের বকশীগঞ্জে বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করার সময় বাসচাপায় প্রাণ হারিয়েছেন শাশুড়ি ও পুত্রবধূ। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় বকশীগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্থানীয় নুর ইসলামের মা উফেজা বেগম (৬৫) এবং তার স্ত্রী ফরিদা বেগম (৪০)। দুর্ঘটনার পর বাসটি জব্দ করার পাশাপাশি এর হেলপার মহিউদ্দিনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিলেন উফেজা ও ফরিদা। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাস ঠাকুরপাড়া হয়ে রৌমারীর দিকে যাচ্ছিল। দ্রুতগতির বাসটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহতদের স্বজনেরা জানান, সকালে প্রতিদিনের মতো দাঁত ব্রাশ করতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনেরা দুর্ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, দুর্ঘটনায় শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। বাসটি জব্দ ও হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।