তথ্য গোপন করে একাধিক বিয়ে করা এবং বাল্যবিবাহ দেওয়ার প্রবণতা পুরোপুরি বন্ধ করতে দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থাকে ডিজিটাল প্রযুক্তির আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নিকেতনে অবস্থিত ব্র্যাক লার্নিং সেন্টারে নিকাহ রেজিস্ট্রারদের জন্য আয়োজিত ‘অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহারবিধি’ শীর্ষক ১০ দিনব্যাপী বিশেষ আবাসিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

জাতীয় সার্ভারের সাথে সংযোগ ও প্রশিক্ষণ আইনমন্ত্রী জানান, বিবাহ নিবন্ধনের এই নতুন অনলাইন ডেটাবেজ ও তথ্য পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র (NID), জন্ম নিবন্ধন এবং পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে সরাসরি যুক্ত করা হবে। এর ফলে নিবন্ধনের ক্ষেত্রে প্রতারণা বা ভুল তথ্য দেওয়ার সুযোগ থাকবে না।

তিনি আরও উল্লেখ করেন, পর্যায়ক্রমে দেশের সব নিকাহ রেজিস্ট্রার বা কাজীকে এই সর্বাধুনিক ডিজিটাল নিবন্ধনের আওতায় নিয়ে আসতে প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়া হবে।

ঢাকার সাব-রেজিস্ট্রারদের পদায়নে লটারি অনলাইন নিবন্ধনের পাশাপাশি আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক ব্যবস্থার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি জানান, ঢাকার সাব-রেজিস্ট্রারদের দীর্ঘদিনের প্রভাব ও সিন্ডিকেট ভাঙতে শিগগিরই লটারির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় সাব-রেজিস্ট্রারদের পদায়ন বা বদলি কার্যক্রম শুরু করা হবে।