কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের একটি নতুন বহর। রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য আনা তেজস্ক্রিয় এই জ্বালানি তিনটি বিশেষ লরিতে করে সড়কপথে রূপপুরে নেওয়া হচ্ছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দর থেকে ইউরেনিয়াম বহনকারী বিশেষ লরিবহরটি পাবনার উদ্দেশে রওনা হয়।
সেনাবাহিনীর নেতৃত্বে কঠোর নিরাপত্তা বলয় ইউরেনিয়াম বহরের সর্বোচ্চ জোরদার সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে নিয়োজিত রয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। সড়কপথে স্থানান্তরকালে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঝুঁকি এড়াতে পুরো রুটজুড়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতামূলক নিরাপত্তাব্যবস্থা।
এর আগে গত শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পারমাণবিক জ্বালানিবাহী বিশেষ উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমান অবতরণের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তারা চালানটি আনুষ্ঠানিকভাবে বুঝে নেন।
পরবর্তী চালানের সময়সূচি প্রকল্পের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসের মধ্যে আরও ৯টি পৃথক বিশেষ ফ্লাইটের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে আসার কথা রয়েছে। পারমাণবিক জ্বালানি বহনকারী এসব চালান রাশিয়া থেকে শুরু করে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের আকাশসীমা অতিক্রম করে ঢাকায় পৌঁছাবে।