বগুড়ায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হওয়া দুই শিশুকে অবশেষে রাজধানী ঢাকার সোনারগাঁও ক্রসিং এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের পরদিন শুক্রবার (২ অক্টোবর) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ঢাকার সোনারগাঁও ক্রসিং সংলগ্ন পুলিশ বক্সের পেছনের রাস্তা থেকে তাদের অক্ষত ও ভীত অবস্থায় উদ্ধার করেন ট্রাফিক পুলিশ কর্মকর্তা।

উদ্ধার হওয়া দুই শিশু হলো— মো. রিয়ান (১১) ও মো. রনি (১৩)।

যেভাবে নিখোঁজ ও থানায় অভিযোগ স্বজনরা জানান, বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া সদর উপজেলার রামশহর পূর্বপাড়ার নিজ বাসা থেকে রিয়ান ও রনি একসঙ্গে স্কুলের উদ্দেশে বের হয়। এরপর থেকে তারা আর ঘরে ফেরেনি। আত্মীয়স্বজনসহ নানা জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান মেলেনি।

এ ঘটনায় শিশু রিয়ানের স্বজন মো. আশাদুজ্জামান নুর রাছেল বাদী হয়ে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে পূর্বশত্রুতার জেরে প্রতিবেশী দুই ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। বাদীর দাবি, পূর্বশত্রুতার জেরে ওই ব্যক্তিরা শিশুদের অপহরণ করে গোপন স্থানে আটকে রেখেছিল এবং স্থানীয় অনেকে ঘটনাটি দেখেছেন ও শুনেছেন।

ঢাকার সোনারগাঁও ক্রসিংয়ে উদ্ধার ও অপহরণের বিবরণ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক তেজগাঁও জোনের সার্জেন্ট পলাশ কুমার রায় জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সোনারগাঁও ক্রসিংয়ের দক্ষিণ পাশে পুলিশ বক্সের পেছনের সড়কে দুটি শিশুকে কান্নারত ও আতঙ্কগ্রস্ত অবস্থায় দেখতে পান তিনি। তিনি এগিয়ে গিয়ে নাম-পরিচয় জানতে চাইলে শিশুরা কান্না করতে করতে বাবার সঙ্গে কথা বলার আকুতি জানায়।

শিশুরা পুলিশকে জানায়, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাদের চোখ বেঁধে তুলে নিয়ে গিয়ে একটি গোডাউনে আটকে রেখেছিল। পরে তারা কৌশলে বন্দিদশা থেকে পালিয়ে ওই এলাকায় চলে আসে।

এরপর শিশুরা একটি মোবাইল নম্বর দিলে তাৎক্ষণিকভাবে তাদের স্বজনদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে—তারা বগুড়ার বাসিন্দা এবং বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ ছিল। খবর পেয়ে ঢাকায় অবস্থানরত শিশু দুটির এক মামা ঘটনাস্থলে এলে আইনি প্রক্রিয়া শেষে তাদের কলাবাগান থানায় বুঝিয়ে দেওয়া হয়।