আগামী ২৫ অক্টোবর পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় দিনের বেলায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। বিশেষ করে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গরমের অনুভূতি বেশি থাকতে পারে। তবে দিনের তুলনায় রাতের আবহাওয়া অনেকটাই সহনীয় থাকবে। মাঝরাত থেকে ভোর পর্যন্ত আবহাওয়া আরামদায়ক হতে পারে।
সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, আগামী ৭ থেকে ১০ অক্টোবরের মধ্যে দেশের কয়েকটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ৮ থেকে ১০ অক্টোবর রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় একাধিক দফায় বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বৃষ্টির কারণে এ সময় সাময়িকভাবে দিনের গরম ও রোদের তীব্রতা কমতে পারে। দেশের অন্যান্য এলাকাতেও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ১১ অক্টোবরের পর সার্বিকভাবে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে।
এদিকে অক্টোবরের তৃতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশে মেঘলা আবহাওয়া ও বৃষ্টিপাত বাড়লে ভ্যাপসা গরমের অনুভূতিও কিছুটা কমতে পারে।
বিডব্লিউওটি আরও জানিয়েছে, দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য আগামী প্রায় এক মাস অব্যাহত থাকতে পারে। এমন আবহাওয়ায় শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি, কাশি, গলাব্যথা ও মৌসুমি জ্বরের মতো সমস্যা দেখা দিতে পারে। তাই আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।