ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পক্ষে সমর্থন জানিয়েছে আফ্রিকার ৫৪টি সদস্য ফুটবল সংস্থা। কেপ ভার্দেতে অনুষ্ঠিত আফ্রিকান ফুটবলের প্রথম কৌশলগত সম্মেলনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) সভাপতি প্যাট্রিস মোটসেপে জানান, সদস্য সংস্থাগুলো সর্বসম্মতিক্রমে ইনফান্তিনোকে নিঃশর্ত সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ফিফার মোট ২১১ জন ভোটারের মধ্যে আফ্রিকার ৫৪টি সংস্থার সমর্থন ইনফান্তিনোর নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর বিনিময়ে আফ্রিকার ফুটবলে বিনিয়োগ বৃদ্ধি এবং উন্নয়নের সুযোগ সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছেন ফিফাপ্রধান।

তবে পুনর্নির্বাচনের পথে ইনফান্তিনোকে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। ফিফার টুর্নামেন্টগুলোর অংশীদারত্ব বিক্রির একটি বিতর্কিত পরিকল্পনা নিয়ে ইউরোপ ও উত্তর আমেরিকার কয়েকটি দেশের বিরোধিতার মুখে পড়েন তিনি। এ ছাড়া সাবেক সুইস ডিফেন্ডার রামন ভেগা তার বিপক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।

সম্মেলনে ইনফান্তিনো আফ্রিকার ফুটবলে ফিফার বিনিয়োগের বিষয়টিও তুলে ধরেন। তিনি জানান, ফিফা ফরোয়ার্ড কর্মসূচির আওতায় গত ১০ বছরে আফ্রিকায় ১০০ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে। এই অর্থে ১২৪টি পৃথক প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।