জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর দূরপাল্লা ও মহানগর এলাকায় বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রস্তাবনা অনুযায়ী, দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং রাজধানীসহ শহর এলাকায় ১৮ পয়সা ভাড়া বাড়তে পারে। প্রজ্ঞাপন জারি ও চূড়ান্ত সিদ্ধান্তের লক্ষ্যে প্রস্তাবটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিবহন মালিক ও শ্রমিকদের এক দ্বিপক্ষীয় বৈঠকে ভাড়া বাড়ানোর এ প্রস্তাব উঠে আসে। বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এএসএম আহমেদ খোকন সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।

প্রস্তাবিত নতুন বাসভাড়ার হার আহমেদ খোকন জানান, বিআরটিএর প্রস্তাব অনুযায়ী আন্তঃজেলা বা দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪৩ পয়সা হতে পারে। অন্যদিকে, নগর বাসের (সিটি সার্ভিস) ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭৩ পয়সা করার প্রস্তাব রাখা হয়েছে।

তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ১ টাকা বাড়লে বাসভাড়া কিলোমিটারে ১ পয়সা সমন্বয় বা বাড়ানোর একটি নিয়ম রয়েছে। সে নিয়ম অনুসরণ করেই লিটারে ২০ টাকা দাম বাড়ায় কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বৃদ্ধির এই প্রস্তাব তৈরি করা হয়েছে। পরিবহন মালিকদের এই প্রস্তাব বিআরটিএ গ্রহণ করে চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠাচ্ছে।

সোমবার রাতের মধ্যেই প্রজ্ঞাপনের তাগিদ পরিবহন মালিকদের পক্ষ থেকে অনতিবিলম্বে অর্থাৎ সোমবার রাতের মধ্যেই সরকারের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির সুনির্দিষ্ট প্রজ্ঞাপন প্রকাশের অনুরোধ জানানো হয়েছে।

বৈঠকে মালিক সমিতি আশঙ্কা প্রকাশ করে জানায়, তেলের নতুন বর্ধিত দামে জ্বালানি কেনার কারণে প্রজ্ঞাপন না এলে পরিবহন মালিক ও শ্রমিকেরা নিজেদের ইচ্ছেমতো ভাড়া আদায় করতে পারেন। এতে সড়ক ও পরিবহন খাতে তীব্র বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলে বিআরটিএকে অবহিত করা হয়েছে।

পুরোনো ভাড়া ও জ্বালানি মূল্যের তথ্য উল্লেখ্য, গত রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে সরকার এক লাফে চার ধরনের জ্বালানি পণ্যের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ায়। ফলে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে বর্তমানে প্রতি লিটার ১৩৫ টাকা হয়েছে, যা রোববার রাত থেকেই কার্যকর করা হয়।

এর আগে চলতি বছরের গত এপ্রিলে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো হলে বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল। বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলচলকারী বাসের মূল ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা কার্যকর ছিল। আর দূরপাল্লার ৫২ আসনের বাসে বিদ্যমান ভাড়া ছিল কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা।