বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য অর্জনের পর এবার নতুন এক সম্মান পেতে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। ইউনিভার্সিটি অব বুয়েনস এইরেস (UBA) তাকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মানসূচক ডিগ্রি ‘ডক্টরেট’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন মেসি। জানা গেছে, বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে তাকে এই সম্মাননা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে মেসিই প্রথম অ্যাথলেট, যিনি এই বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের রেক্টর রিকার্ডো গেলপি বলেন, মাঠের পারফরম্যান্স ও পরিসংখ্যানের বাইরেও মেসির ব্যক্তিত্ব তাদের মুগ্ধ করেছে। তার বিনয়, পরিশ্রম এবং আর্জেন্টিনার জনপ্রিয় সংস্কৃতি ও জাতীয় পরিচয়ে অবদানকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উচ্চ পরিষদ সর্বসম্মতভাবে মেসিকে সম্মানসূচক ডক্টরেট দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, মেসির ক্যারিয়ার শ্রেষ্ঠত্ব, বিনম্রতা ও নৈতিকতার উদাহরণ। একই সঙ্গে আর্জেন্টিনা জাতীয় দলের প্রতি তার দীর্ঘদিনের দায়বদ্ধতাকেও স্বীকৃতি দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, খেলাধুলায় অসাধারণ অবদান এবং সমাজে ইতিবাচক প্রভাব রাখা ব্যক্তিত্বদের সম্মান জানানোর আন্তর্জাতিক ঐতিহ্যের অংশ হিসেবেই মেসিকে এই ডিগ্রি দেওয়া হচ্ছে।
এদিকে, ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচটিকে ঘিরে এরই মধ্যে বিশেষ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা ফুটবল। জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ হিসেবে ম্যাচটি ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।