চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করেছে সরকার। বৃহস্পতিবার বিকেলে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আওতায় এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী ও ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইসা কাজিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে এনসিটি ইজারার সিদ্ধান্ত নিয়ে শ্রমিক সংগঠনসহ বিভিন্ন পক্ষের আপত্তি রয়েছে।
চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানিতে তুলনামূলক বেশি সময় লাগায় দেশের বাণিজ্য ও অর্থনীতিতে এর প্রভাব পড়ছে। এ পরিস্থিতিতে বন্দরের কার্যক্রম আরও গতিশীল করতে এনসিটি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ এনসিটির মাধ্যমে সম্পন্ন হয়। ফলে টার্মিনালটির পরিচালনায় নতুন চুক্তিকে বন্দর কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।