মা ইলিশ সংরক্ষণে আগামী ২২ দিন নদীতে জাল না ফেলতে জেলেদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার সকালে মাদারীপুরের শিবচরের কাওরাকান্দি এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, একটি ছোট মা ইলিশ থেকে প্রায় দেড় লাখ নতুন ইলিশ উৎপাদনের সম্ভাবনা থাকে। অন্যদিকে বড় আকারের একটি ইলিশ থেকে ২০ লাখের বেশি ডিম পাওয়া যেতে পারে। তাই ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় তিনি শুধু জেলেদের নয়, মা ইলিশ সংরক্ষণে প্রশাসনসহ সমাজের সব স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধে প্রশাসনকে কঠোরভাবে আইন প্রয়োগের নির্দেশ দেন তিনি।