আগে ভাগে প্রস্তুতি, সাফল্যের অর্ধেক পথ পেরিয়ে দেয়। জাপানের মাটিতে এবার এশিয়ান গেমসের ক্রিকেট মিশনে নামতে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু অচেনা দেশে গিয়ে অচেনা উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়াটাই হতে পারে বড় চ্যালেঞ্জ। তাই কালো মাটির উইকেটে অনুশীলন করে লিটন-তামিমরা যেন আগেভাগেই খুঁজে নিচ্ছেন জাপানের উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার পথ।
মিরপুরের অনুশীলনে সেই প্রস্তুতিরই যেন ছাপ। জাপানের উইকেট সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা কম থাকায় কালো মাটির উইকেটে ব্যাটিং-বোলিং করে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন লিটন দাস, তামিমরা। লক্ষ্য একটাই - নতুন কন্ডিশনে পা রাখার আগেই যতটা সম্ভব নিজেদের প্রস্তুত করে নেওয়া।
আর এখানেই সামনে আসছে সময়ের হিসাব। বাংলাদেশ পুরুষ দলের এশিয়ান গেমস অভিযান শুরু হবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে, সরাসরি কোয়ার্টার-ফাইনাল থেকে। অর্থাৎ জাপানে পৌঁছে কন্ডিশন বুঝে নেওয়ার পাশাপাশি উইকেটের আচরণ পর্যবেক্ষণেরও সুযোগ থাকবে টাইগারদের সামনে।
অন্যদিকে বাংলাদেশের নারী ক্রিকেট দলের মিশন শুরু আগামীকাল। ফলে জাপানে ক্রিকেটীয় ব্যস্ততা শুরু হয়ে গেলেও পুরুষ দলের হাতে থাকবে নিজেদের প্রথম ম্যাচের আগে কিছুটা বাড়তি সময়। এই সময়টাই অচেনা উইকেটের সঙ্গে পরিচিত হওয়ার বড় সুযোগ হতে পারে। আসিয়ান গেমসের স্কোয়াডে থাকা রাব্বিও বললেন সেই একই কথা।
তাই মিরপুরে কালো উইকেটে লিটন-তামিমদের অনুশীলন শুধু আরেকটি প্রস্তুতি সেশন নয় বরং অজানা কন্ডিশনকে আগে থেকেই পাঠ করার চেষ্টা। জাপানে গিয়ে উইকেট যেন চমকে না দেয়, সেই প্রস্তুতিই এখন ঘরের মাঠে সেরে নিচ্ছে বাংলাদেশ।
অচেনা মাটিতে পরিচিত ক্রিকেট খেলতে হলে কন্ডিশনকে আগে চিনতে হয়। আর সেই চিনে নেওয়ার কাজটাই এখন যত্ন করে সেরে নিচ্ছেন টাইগাররা - যাতে জাপানে নামার সময় নতুনত্ব নয়, আত্মবিশ্বাসই থাকে তাদের সবচেয়ে বড় সঙ্গী।